05:19:50 am
Monday, August 31

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে নিহত হয়েছেন ২৪ হাজার ৬১৭ ও সিরিয়ায় ৩ হাজার ৫৫৩ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এখনও হাজারও মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। শত প্রতিকূলতার মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে হাড় হিম করা ঠান্ডায় কাউকে আর জীবিত উদ্ধারের আশা দেখছেন না উদ্ধারকর্মীরা। তারা বলছেন, এখন যদি কাউকে জীবিত উদ্ধার করা হয়, তা হবে ‘অলৌকিক’ ঘটনা।

এরপরও ভূমিকম্প আঘাত হানার ছয় দিন পরও ধ্বংসস্তূপের নিচে মিলছে প্রাণের স্পন্দন। শনিবার (১১ ফেব্রুয়ারি) মোট ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সবশেষ ভূমিকম্পের ১২৯ ঘণ্টা পর একসঙ্গে পাঁচ সদস্যের পরিবারকে উদ্ধার করা হয়। 

এদিকে জাতিসংঘ বলেছে, ভূমিকম্পের কারণে সিরিয়ায় নতুন করে ৫৩ লাখ মানুষ উদ্বাস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়া দুই দেশে প্রায় ৯ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন। 

তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে সোমবার (৬ ফেব্রুয়ারি)। ভোর রাত ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। দ্বিতীয়টি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।

Share this post

Join the conversation