10:22:06 pm
Tuesday, November 03

জিএম কাদেরের দায়িত্ব নিয়ে আপিল বিভাগের শুনানি ২৭ ফেব্রুয়ারি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদন আগামী ২৭ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার জজ আদালত। বুধবার (১৫ ফেব্রুয়ারি) জিয়াউল হক মৃধার করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

আদালতে জাতীয় পার্টির সাবেক নেতা জিয়াউল হক মৃধা পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। আর জিএম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

২০২২ সালের ৪ অক্টোবর জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগে করা হয়, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর জাপার প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ মৃত্যুবরণ করেন। এরপর বিবাদী জিএম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জাল জালিয়াতির মাধ্যমে একই বছরের ২৮ ডিসেম্বর কাউন্সিল করেন। তিনি নিজেকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। গত বছরের ৫ মার্চ গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা আতাউর রহমান সরকারসহ কয়েকজনকে তিনি দল থেকে বহিষ্কার করেন। গত ১৪ সেপ্টেম্বর মসিউর রহমান রাঙ্গাকে দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে বহিষ্কার করেন তিনি। আর গত ১৭ সেপ্টেম্বর তাকে (জিয়াউল হক মৃধা) জাপা থেকে বহিষ্কার করেন জিএম কাদের, যা অবৈধ।

বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দলীয় কোনো সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়। পরে এ আদেশ প্রত্যাহার চেয়ে জিএম কাদের আবেদন করেন। গত ১৬ নভেম্বর তার আবেদন খারিজ করে দেয় আদালত। এর বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করেন তিনি। আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য ৯ জানুয়ারি দিন রাখা হয়। 

এ অবস্থায় শুনানি এগোনোর জন্য জিএম কাদের আবেদন করেন, যা গত ২৪ নভেম্বর খারিজ হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের। এর শুনানি নিয়ে গত ২৯ নভেম্বর হাইকোর্ট রুলসহ স্থগিতাদেশ দেয়। এর বিরুদ্ধে জিয়াউল হক মৃধা আপিল বিভাগে যান। আপিল বিভাগ জিয়াউল হক মৃধার করা আবেদন নিষ্পত্তি করে গত ১৪ ডিসেম্বর আদেশ দেয়।

আদেশে জেলা জজ আদালতে থাকা জিএম কাদেরের আপিল দ্রুত শুনানি করতে নির্দেশ দেওয়া হয়। পরে জিএম কাদেরের আপিল জেলা জজ আদালতে ১৯ জানুয়ারি খারিজ হয়। এ অবস্থায় গত ১৯ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজের দেওয়া আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের। এ আবেদনের শুনানি নিয়ে ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে ১৯ জানুয়ারি জেলা জজের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। পরে হাইকোর্টের ৫ ফেব্রুয়ারির আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন বাদী জিয়াউল হক মৃধা।

Share this post

Join the conversation