লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৭৩ অভিবাসীর মৃত্যুর শঙ্কা
লিবিয়িা উপকূলে ইউরোপের অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন ৭৩ জন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ সবাই মারা গেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থার বরাতে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।
এক টুইট বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, জাহাজটি ত্রিপোলির পূর্বাঞ্চলীয় কসর আলকায়ার থেকে ইউরোপ অভিমুখে রওনা দিয়েছিল। এতে প্রায় ৮০ জন আরোহী ছিল। জাহাজ থেকে ৭ জন সাঁতরে তীরে আসতে পেরেছে।
লিবিয়ার রেড ক্রিসেন্ট ও স্থানীয় পুলিশ এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করেছে। তীরে আসা ৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইউরোপ যাওয়ার জন্য অনেক অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে সমুদ্রপথে যাত্রা করছেন। বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় পথেই তাঁরা করুণ পরিণতি বরণ করছেন।
চলতি বছরের শুরু থেকে সেখানে ১৩০ জনের মৃত্যু হয়েছে বলে আইওএম জানিয়েছে। ২০২২ সালে এ পথে ১৪৫০ জনের বেশি অভিবাসীর মৃত্যু হয়। এই পরিস্থিতিকে 'অসহনীয়' বলে মন্তব্য করেছে আইওএম।

Join the conversation