08:43:20 pm
Tuesday, September 01
File Photo

'উচ্চ শিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়'

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে উচ্চ শিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে।

বাংলাদেশে উচ্চশিক্ষার প্রত্যাশিত মান নিশ্চিতকরণ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে সরকার গুরুত্ব দিয়ে এ খাতে তদারকি করছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ৩য় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানচর্চা ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।

শিক্ষার গুণগতমান বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।

সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী।

সমাবর্তনে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আলী নকী এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর নির্বাহী কমিটির সদস্য একেএম এনামুল হক শামীম বক্তব্য রাখেন।

সমাবর্তনে এক হাজার ৭৭২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়।

শিক্ষামন্ত্রী ৫ জন কৃতী শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং ১৯ জনকে উপাচার্য স্বর্ণপদক প্রদান করেন।

Share this post

Join the conversation